রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন। হুমায়ুন কবির তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, আমরা তদন্ত শুরু করেছি। আসামি ধরার কাজ চলমান রয়েছে।