শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর থেকে দফায় দফায় বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দার মাতুব্বর গ্রুপের ওবায়দুর মাতুব্বর পক্ষের লোকজনের সঙ্গে শেখ গ্রুপের ইকবাল শেখের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে দুই পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।