Editor Panel
- ৩০ অক্টোবর, ২০২৬ / ২৬ Time View
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিমতলা রেলক্রসিং ফ্লাইওভারের নিচে রেললাইনের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গুরুতর আহত ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিমতলা রেলক্রসিং ফ্লাইওভারের নিচে রেললাইনের পাশে এক ব্যক্তিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
পরে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হয়ে থাকতে পারেন। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা রেললাইনে চলাচলের সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা এবং রেললাইন পারাপারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে রেললাইনের ওপর বসে থাকা বা হাঁটাচলা না করার পরামর্শ দেন তিনি।