শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :

কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি নির্বাচনের আগে বারবার বলেছে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। নির্বাচন হয়েছে নয় মাস হয়ে গেছে। দেশের পরিস্থিতি কি ঠিক হয়েছে? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই। কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা। বাংলাদেশে লাগে দুই হাজার ৫০০ টাকা। কেন, কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়ে নাই? এর জবাব জ্বালানিমন্ত্রীকে দিতে হবে।’

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, ‘বাজেটের আগে এবং পরে সবকিছুর দাম বেড়েই চলেছে। বিএনপি সরকার গঠন করার পরও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারে নাই। যে স্বরাষ্ট্রমন্ত্রী-বিদ্যুৎমন্ত্রী দেশের মানুষের জীবন নিয়ে খেলছেন তাদের পদত্যাগ করতে হবে।’

সমাবেশে প্রধান অতিথি নাহিদ ইসলাম বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমাদের নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল আরও বড় হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন, আমাদের মিছিল বড় হবে। আমরা দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করবো।’

এসময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা জরিপ করে দেখেছি, আমাদের দেশে দ্রব্যমূল্য আশপাশের দেশের তুলনায় ২০ শতাংশ বেশি। সরকার জনগণের পেটে লাথি দিয়েছে। তাদের এখন শিক্ষা দেওয়ার সময় এসেছে। ঢাকা শহরে অটোরিকশা বন্ধ করতে হবে, কিন্তু জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে। আমরা সরকারকে বলবো, আপনারা তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজধানীর অলিগলিতে ঘুরে দেখেছি মানুষের বাসায় গ্যাস নেই, রান্না করতে পারছে না। আবার যে এলপিজির সরকারি দাম এক হাজার ৮৩৭ টাকা, সেটি তিন হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025