শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কীভাবে বা ঠিক কখন এ যুদ্ধের অবসান ঘটবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে নিশ্চয়তা চায় ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটির বেতারকেন্দ্র কেসিএমওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি শিগগিরই শেষ হতে যাচ্ছে। আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র না থাকে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ওয়াশিংটন থেকে পরস্পরবিরোধী ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার একটি দফা চালানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প।
অন্যদিকে, একই সময়ে ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজতে তেহরানের সঙ্গে যোগাযোগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি ইরানের কাছে একটি নতুন শান্তি কাঠামোর প্রস্তাবও পৌঁছে দিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
ফলে একদিকে সামরিক হামলার প্রস্তুতির সম্ভাবনা, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার উদ্যোগ- ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প যুদ্ধ শিগগির শেষ হওয়ার কথা বললেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা সমঝোতার শর্ত প্রকাশ করেননি।
সূত্র: আল-জাজিরা