শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
৭ দফা দাবিতে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য। লংমার্চ কর্মসূচির সময় বিভিন্ন পয়েন্টে পথসভা করা হচ্ছে। তবে পূর্ব ঘোষণা ছাড়াই গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে পথসভা করে ১১ দলীয় ঐক্য।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনা ঘটে গতবছর। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয় সে সময়। ১৫ মাস পর গোপালগঞ্জের ওপর দিয়ে লংমার্চেরে গাড়িবহর গেলো ১১ দলীয় ঐক্যের।
জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে জানা যায় যে, দুপুর পৌনে ১২টায় গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে স্থানীয়দের অনেকে লংমার্চের বহরকে স্বাগত জানায়। এসময় জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্যও রাখেন। তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনঢ় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কাশিয়ানির পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।
এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে।