রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদপত্র ছিঁড়ে ফেলা স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলার ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু পত্রিকাটির প্রতি অবমাননা নয়, বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

তিনি বলেন, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং গণমাধ্যম বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্বাভাস। এ ধরনের আচরণ সংবাদকর্মী ও কলাকুশলীদের মধ্যে বাংলাদেশে আবারও সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হওয়ার আশঙ্কা তৈরি করবে।

জামায়াতে ইসলামীকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত। এ কারণে তার এ কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025