শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একদল পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এক সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। খবর: পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বুধবার (১১ অক্টোবর) কোহাটের গামবাত এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২ জন।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, অবৈধ খননকাজের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পুলিশের দলটি হামলার শিকার হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে হতাহতের পাশাপাশি পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। হামলায় গামবাতের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হায়দার জামান ও সাব-ইন্সপেক্টর মুখতিয়ার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশের মুখপাত্র আরও জানান, হামলাকারীরা গুলি চালিয়ে যেতে থাকলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য ও গাড়ি পাঠানো হয়। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার পর জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এ ঘটনায় খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পুলিশের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025