সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

কারাগারে কোরআন ও বাইবেল পড়ছেন মাদুরো

যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কাটছে ধর্ম ও দর্শনচর্চায়। পবিত্র কোরআন ও বাইবেলসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ছেন তিনি। পাশাপাশি কারাগারে যাজক ও ইহুদি ধর্মগুরু রাবির সঙ্গেও দেখা করছেন সাবেক এই প্রেসিডেন্ট।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি মাদুরো কারাগারে অবসর সময়ের বড় অংশ পড়াশোনায় ব্যয় করছেন। তার কারাজীবন সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আধ্যাত্মিকতার প্রতি দীর্ঘদিনের আগ্রহ থাকলেও আটকের পর ধর্মীয় বিষয়ে তার মনোযোগ আরও বেড়েছে।

৬৩ বছর বয়সী মাদুরো প্রকাশ্যে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা বলেছেন। তার দাবি, গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় আসা একটি সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের বংশধর তিনি। তবে তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, আটকের আগে ইহুদি ধর্ম নিয়ে তার বিশেষ আগ্রহ দেখা যায়নি। কারাগারে তার এই আগ্রহ আধ্যাত্মিক নাকি বুদ্ধিবৃত্তিক, তা স্পষ্ট নয়।

মাদুরো আগে থেকেই আধ্যাত্মিকতায় আগ্রহী ছিলেন। ক্যাথলিক ধর্মাবলম্বী হলেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকাকালে তিনি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এক যাজকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। দেশটির ক্রমবর্ধমান ইভানজেলিক্যাল খ্রিষ্টান ভোটারদের সমর্থন পেতেও চেষ্টা করেছিলেন তিনি। মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি দেলসি রদ্রিগেজ প্রয়াত ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারীও ছিলেন।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত ওই অভিযানে মাদুরোর নিরাপত্তারক্ষীদের নিষ্ক্রিয় করে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে দুজনই ব্রুকলিনের একই কারাগারে বন্দি। তবে মাদুরো রয়েছেন বিশেষ একটি ইউনিটে, যেখানে এর আগে শন কম্বস, স্যাম ব্যাংকম্যান-ফ্রিড ও লুইগি ম্যাঙ্গিওনের মতো আলোচিত বন্দিরা ছিলেন। অন্যদিকে, ফ্লোরেসকে রাখা হয়েছে সাধারণ বন্দিদের সঙ্গে।

মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারে সহায়তাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে তিনি আটক ব্যক্তিদের, এমনকি মার্কিন নাগরিকদেরও নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে তিনি ও তার স্ত্রী আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। আগামী বছর তার বিচার শুরু হওয়ার কথা।

কারাগারে থাকার সময় মাদুরোর ওজনও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন তার পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিরা। আগে তিনি ‘প্যালিও ডায়েট’ অনুসরণ করতেন। প্রস্তর যুগের মানুষের খাদ্যাভ্যাসের আদলে তৈরি এই খাদ্যতালিকায় মূলত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা হয়। তবে কারাগারের খাবারের মান ভালো না হওয়ায় তার ওজন আরও দ্রুত কমেছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে তাকে আগের তুলনায় অনেক বেশি রোগা দেখাচ্ছে এবং খাবার নিয়েও অভিযোগ করেছেন তিনি।

মাদুরোর স্ত্রী ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও উদ্বেগজনক বলে আদালতের নথিতে উঠে এসেছে। জানুয়ারিতে আটকের সময় তিনি জরায়ু অপসারণের অস্ত্রোপচার থেকে সেরে উঠছিলেন। পরে বুকে ব্যথার জন্য তাকে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়। এ ছাড়া তার দুটি দাঁত পড়ে গেছে এবং ওজন কমেছে ২৫ পাউন্ডের বেশি।

আটকের পর টানা তিন মাস তাকে একাকী কারাবাসে রাখা হয়েছিল। পরে সাধারণ বন্দিদের সঙ্গে থাকার সময় বন্দিদের মধ্যে সংঘর্ষ থামাতে ছোড়া পেপার স্প্রের প্রভাবেও তিনি অসুস্থ হন। তার আইনজীবীদের ধারণা, গত জুলাইয়ে তিনি মৃদু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। বর্তমানে দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমাতে পারছেন তিনি।

মুক্তির আবেদন করতে গিয়ে ফ্লোরেস নিজের শারীরিক অবস্থার এসব তথ্য আদালতে তুলে ধরেছিলেন। তবে সে সময় মামলার দায়িত্বে থাকা বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন তার আবেদন নাকচ করেন। গত মাসে ৯২ বছর বয়সে ওই বিচারকের মৃত্যু হলে মামলাটির দায়িত্ব পান নতুন বিচারক আনালিসা টরেস।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025