সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।
রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।
পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন। এ সময় তিনি ছুরি নিয়ে তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসতঘরের সামনে যান। তখন মনা বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় আরমান ও ফুয়াদ তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান মামুন। এ সময় তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।