সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক যোগ্যতা নেই নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির। তাই ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজে প্রার্থী হওয়ার পরিবর্তে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শিবিরের প্রভাবশালী নেতা বা ‘কিংমেকার’ হয়ে উঠতে পারেন তিনি।
এ লক্ষ্যে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন মামদানি। তার চেষ্টা, আগামী নির্বাচনে শ্রমিকবান্ধব কিংবা বামঘেঁষা একজন প্রার্থীকে হোয়াইট হাউজে পাঠানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া।
মামদানির সঙ্গে আলোচনার বিষয়ে জানেন, এমন চারজন ব্যক্তির বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বারবার বলছেন, মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীলদের পাওয়া সাফল্য নষ্ট করার সুযোগ নেই। ২০২৮ সালের নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।
কেন গুরুত্বপূর্ণ মামদানির এই উদ্যোগ
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মামদানি একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন তিনি।
ওকাসিও-কর্টেজ শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক মনোনয়ন লড়াইয়ের সমীকরণ বদলে যেতে পারে। একই সঙ্গে দলটির বামপন্থি ও প্রগতিশীল অংশের সামনে নিজেদের পছন্দের কোনো প্রার্থী না থাকার পরিস্থিতিও তৈরি হতে পারে।
উগান্ডায় জন্ম নেওয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন মামদানি। তাই প্রগতিশীল নেতাদের সঙ্গে সমন্বয় করে ২০২৮ সালের নির্বাচনে প্রভাব বিস্তার করতে চান তিনি। তার সঙ্গে কথা বলেছেন, এমন একজনের ভাষ্য অনুযায়ী, কোনো মধ্যপন্থি প্রার্থী এগিয়ে গেলে ও তাকে পছন্দ না হলে প্রগতিশীলদের দ্রুত ঐক্যবদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন মামদানি।
ওই ব্যক্তি বলেন, কোনো মধ্যপন্থি প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে গেলে প্রগতিশীলদের পুরো বলয়কে দ্রুত, কৌশলগতভাবে ও কার্যকর উপায়ে সক্রিয় করতে চান মামদানি। এক্ষেত্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের উদাহরণও সামনে এসেছে। সেসময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে জো বাইডেনের পক্ষে সমর্থন একত্র করতে ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। এতে বার্নি স্যান্ডার্সের প্রচারাভিযান চাপে পড়ে।
শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক
গত মাসে আন্তর্জাতিক ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালায়েড ট্রেডসের (আইইউপিএটি) প্রেসিডেন্ট জিমি উইলিয়ামস জুনিয়রকে নিজের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ডেকে পাঠান মামদানি। বৈঠকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা হয়।
সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কাকে পছন্দ করেন ও তার ইউনিয়ন কীভাবে প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে উইলিয়ামসের কাছে জানতে চান মামদানি। এমনকি, উইলিয়ামস নিজে কখনো নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভেবেছেন কি না, সেই প্রশ্নও করেন তিনি।
মামদানির সঙ্গে কথা বলেছেন, এমন সূত্র জানিয়েছে, এ বছর নিউইয়র্কে কয়েকজন বামঘেঁষা কংগ্রেস সদস্যকে প্রার্থী হিসেবে দাঁড় করানো ও তাদের নির্বাচিত করতেও ভূমিকা রেখেছেন মেয়র।
সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস-সিডব্লিউএর প্রেসিডেন্ট সারা নেলসনের সঙ্গেও ২০২৮ সালের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন মামদানি। শিগগিরই ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) প্রেসিডেন্ট শন ফেইনের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার।
ওকাসিও-কর্টেজের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ
২০২৮ সালের নির্বাচনে বামপন্থি কোনো প্রার্থী না থাকার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রগতিশীল শিবিরের অনেকেই উদ্বিগ্ন। তাদের অনেকে মনে করছেন, ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে ২০২৮ সালে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দিকেই বেশি ঝুঁকছেন। যদিও তিনি বলেছেন, দুই সম্ভাবনাই বিবেচনায় রেখেছেন।
তার ঘনিষ্ঠদের একাংশ আশা করছেন, মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রগতিশীলদের সাফল্য ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করবে।
তবে গত সপ্তাহের দেশজুড়ে নির্বাচনে শুধু বামপন্থিরাই নন, ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন রাজনৈতিক অবস্থানের প্রার্থীরা জয় পেয়েছেন। ফলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভোটারদের রায়কে ২০২৮ সালে শুধু বামপন্থি প্রার্থীদের পক্ষে জনসমর্থন বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। মধ্যপন্থি ডেমোক্র্যাটরাও এ ফলাফলকে নিজেদের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরতে পারেন।
আইইউপিএটির প্রেসিডেন্ট উইলিয়ামস অ্যাক্সিওসকে বলেছেন, নির্বাচনের বিভিন্ন পর্যায়ে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার বিষয়ে তিনি ‘পুরোপুরি সমর্থন’ করেন।
মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী দুই ডেমোক্র্যাটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা একজন আয়রনওয়ার্কারকে কংগ্রেসে পাঠিয়েছি। আইইউপিএটির একজন সদস্যকে সিনেটে পাঠিয়েছি। তবে নিজে কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নেই বলে জানিয়েছেন উইলিয়ামস।
মামদানি, ফেইন ও নেলসনের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। গত মাসে রেডিও স্টেশন ডব্লিউএনওয়াইসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান কি না, এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, আমি চাই, এওসি (ওকাসিও-কর্টেজ) যা করতে চান, তা-ই করুন। একই সঙ্গে তাকে নিজের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।
বিকল্প প্রার্থী খুঁজছেন প্রগতিশীলরা
ওকাসিও-কর্টেজের সিদ্ধান্ত অনিশ্চিত থাকায় প্রগতিশীলদের কেউ কেউ বিকল্প প্রার্থীর দিকেও নজর দিচ্ছেন। তাদের একাংশ আশা করছেন, মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করবেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রো খান্নার পক্ষে সমর্থন বাড়ছে। তিনি নির্বাচনে প্রার্থী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
২০২০ সালের নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রচারাভিযানে সমর্থন দেওয়া ও উদারপন্থি সাময়িকী ‘দ্য নেশন’-এর প্রেসিডেন্ট ভাস্কর সুনকারা গত গ্রীষ্মে ‘দ্য গার্ডিয়ান’-এ একটি মতামতধর্মী নিবন্ধ লিখে ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানান।
সম্প্রতি তিনি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে প্রেসিডেন্ট প্রার্থী করার ধারণার পক্ষেও কথা বলেছেন। সুনকারা অ্যাক্সিওসকে বলেন, ‘শ্রমজীবী মানুষ যখন নিজেদের এই লড়াইয়ের অংশ হিসেবে দেখতে পান, তখনই কেবল প্রগতিশীল ধারণাগুলো নির্বাচনে জয়ী হয়। একজন পেশাদার রাজনীতিকের পরিবর্তে একজন প্রকৃত শ্রমিককে প্রেসিডেন্ট প্রার্থী করার চেয়ে তা নিশ্চিত করার ভালো উপায় আর নেই।’
শ্রমিক নেতাদের রাজনৈতিক ভূমিকা
শন ফেইন, সারা নেলসন ও জিমি উইলিয়ামসকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রগতিশীল শ্রমিক নেতাদের মধ্যে বিবেচনা করা হয়। বিলিয়নিয়ারদের বিরুদ্ধে সোচ্চার বক্তব্যের জন্য পরিচিত ফেইন। অন্যদিকে, নেলসন বার্নি স্যান্ডার্সের ‘ফাইটিং অলিগার্কি’ প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন।
২০২৫ সালে লেখা এক নিবন্ধে উইলিয়ামস বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রথম দিকেই অবস্থান নেওয়া ইউনিয়নগুলোর একটি ছিল তার সংগঠন। এজন্য তিনি গর্বিত।
এদিকে, ফেইনের ইউনিয়ন মিশিগানের আবদুল এল-সাইয়েদকে নির্বাচিত করতে সহায়তা করেছে। এ কারণে বামপন্থি কয়েকজন কর্মী তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করছেন। তবে গত মাসে ‘ডেট্রয়েট নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে ফেইন বলেছেন, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা তার নেই।