রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সেখানে ককটেল বিস্ফোরিত হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
আরিফ বলেন, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হননি।
কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এবং আশপাশের কয়েকটি স্থানে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।