শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম :

শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। তিনি অনার্সে পড়াশোনা করতেন। তার স্বপ্ন ছিল জাপানে যাওয়ার। আগামী ফেব্রুয়ারিতে তার জাপান যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি জাপানি ভাষাও শিখেছিলেন। তবে সড়ক দুর্ঘটনায় তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন বলেন, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিঝুমের মৃত্যু হয়। আহত হন তার বন্ধু ফারহান।

তিনি জানান, নিঝুমের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025