বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
তেল-গ্যাসের মূল্যবৃদ্ধিসহ নানা প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এনসিপি চট্টগ্রাম ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে নগরের আগ্রাবাদ মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগান দেন। তারা শ্রমিক হত্যা ও হামলার বিচার, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বন্ধের দাবি জানান।
চট্টগ্রাম মহানগর যুবশক্তির আহ্বায়ক বখতিয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মহানগর এনসিপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান রোহান।
এতে বক্তব্য দেন মহানগর এনসিপির যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম-সদস্যসচিব ইকবাল মাসুদ, সাদিয়া আফরিন ও সরওয়ার কামাল, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন এবং খুলশী থানা এনসিপির সদস্যসচিব সাকিব মিয়াজিসহ দলের অন্য নেতারা।
বক্তারা বলেন, দেশে বর্তমানে চরম অরাজকতা বিরাজ করছে। একদিকে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে ন্যায্য অধিকারের দাবিতে কথা বলায় শ্রমিকদের হত্যা করা হচ্ছে। শ্রমিক সংগঠনের নেতাদের ওপর হামলা এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আন্দোলন নস্যাতের চেষ্টা চলছে।
তারা শ্রমিক হত্যা ও হামলার বিচার এবং জনগণের স্বার্থে তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে এনসিপি নেতা এ কে এম জিয়াউদ্দিন রনির বিরুদ্ধে ওঠা অভিযোগেরও সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, জিয়া রনির সবচেয়ে বড় ভুল এনসিপিতে যোগ দেওয়া। তিনি বিএনপিতে যোগ দিলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হতো।
বক্তারা আরও বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিম উদ্দীনকে বিএনপি মনোনয়ন দিয়ে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য করেছে। অথচ তারাই অন্যদের নিয়ে সমালোচনা করছে।
তাদের দাবি, ওয়াসিম আহত হওয়ার দিন জিয়া রনি বাংলাদেশে ছিলেন না।
মিছিলে এনসিপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মশাল হাতে অংশ নেন। তারা শ্রমিক হত্যা ও অরাজকতা বন্ধের দাবি জানান।