শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

রংপুরে ঘরে ঢুকে গেল বালুবোঝাই ট্রাক, শিশু নিহত, আহত ৪

রংপুর মহানগরীর পশ্চিম খাসবাগ চারমাথা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক বসতঘরে ঢুকে পড়েছে। এতে সিনথিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা পিন্টু মিয়া, অন্তঃসত্ত্বা মা ও পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনথিয়া স্থানীয় নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই ড্রাম ট্রাকটি সাতমাথা এলাকা থেকে রংপুর মহানগরীর দিকে আসছিল। পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের একটি বসতঘরে ঢুকে পড়ে। এ সময় ঘুমন্ত পরিবারের সদস্যরা বালুর নিচে চাপা পড়েন।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে বালুর নিচ থেকে পরিবারের সদস্যদের উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই শিশু সিনথিয়ার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়।

‘একসঙ্গে খেয়ে ঘুমিয়েছিলাম, মেয়েটাকেই আর পেলাম না’

মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা পিন্টু মিয়া। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, রাতে পরিবারের সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে দেখতে পান, বালুবোঝাই একটি ট্রাক তাদের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। মুহূর্তেই ঘর বালুতে ভরে যায়।

পিন্টু মিয়ার ভাষ্য, দুর্ঘটনার পর তিনি মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। স্থানীয় লোকজন বালুর নিচ থেকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে উদ্ধার করেন। তিনিও কোনোভাবে প্রাণে বেঁচে যান। তবে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ছোট্ট সিনথিয়াকে।

তিনি জানান, মেয়ের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহত পরিবারের সদস্যরা সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।

ট্রাকচালক ও সহকারী আটক

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ। সেখান থেকে ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025