শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মু. শহীদুল আলমের ছয় বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একইসঙ্গে তার ৪০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে দুদক আইনের ২৬(২) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো তিন মাসের কারাভোগ করতে হবে। দুদক আইনের ২৭(১) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো তিন মাসের কারাভোগ করতে হবে।

উভয় সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইয়া বাদী হয়ে রাজধানীর রমনা থানায় শহীদুল আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করেন। শহীদুল আলম সম্পদের তথ্য বিবরণীতে জ্ঞাত আয় বহির্ভূত ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে ২০১৯ সালের ২৫ জুন মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025