রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সভায় তিনি বাংলাদেশ নিয়ে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষা, নৈতিকতা ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে কথা বলেন।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বহু তরুণ অংশ নেন।
তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জীবনে বড় কিছু করতে হলে আগে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এ জন্য আধুনিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং মূল্যবোধের চর্চায় গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও উম্মাহর বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান। মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া থেকে ।