রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া দেড় হাজার পর্যটকের মধ্যে সাড়ে তিনশ জনকে ট্রলারে করে টেকনাফে পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৯টি সার্ভিস ট্রলারে করে তারা দ্বীপ ছাড়েন। এসব ট্রলারে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দেড় শতাধিক মানুষও ছিলেন।
জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো টেকনাফের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সেগুলো শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিভিন্ন প্রয়োজনে দ্বীপ ছাড়তে আগ্রহী স্থানীয় বাসিন্দারাও এসব ট্রলারে ছিলেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফয়েজুল ইসলাম জানান, জরুরি প্রয়োজন, অসুস্থতা ও ব্যক্তিগত কারণে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ট্রলারে করে টেকনাফে পাঠানো হয়েছে। এখনো বেশ কিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
এদিকে, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে দ্বীপে আটকে পড়া অন্য পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে তারা দ্বীপে আটকা পড়েন।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, এখনো ৩ নম্বর সতর্কসংকেত বলবৎ রয়েছে। তবে শনিবার সংকেত কমে যাওয়ার সম্ভাবনা আছে। রোববার থেকে আবহাওয়া ভালো হতে শুরু করতে পারে। আগামী সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে হোটেলভাড়া কমিয়েছেন দ্বীপের ব্যবসায়ীরা। সেন্টমার্টিন হোটেল মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, অনেক হোটেলে পর্যটকদের জন্য কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কিছু হোটেলে বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
দ্বীপের উত্তরপাড়ের হোটেল ড্রিমার্স প্যারাডাইস বিচ রিসোর্টের পরিচালক আবদুর রহমান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকেরা চাইলে আমাদের হোটেলে বিনামূল্যে সম্মানের সঙ্গে অবস্থান করতে পারবেন। এ দুর্যোগমুহূর্তে আমরা পর্যটকদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।’
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল রোববার থেকে জাহাজ চলাচল আবার শুরু হতে পারে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান বলেন, সাগরে নৌযান চলাচলের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের বিষয়েও একই সিদ্ধান্ত প্রযোজ্য। দ্বীপে অবস্থানরত পর্যটকদের আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।