রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবো।
শনিবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাটের প্রতিবাদে জামায়াতের ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিলপূর্বক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাস করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প কোনো পন্থা নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধীদল মিলে বিল পাস করা।
এক দলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অনতিবিলম্বে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত দেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত। এছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে হাজার-হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতা, নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।