শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
রংপুরে তিন দিনে ৩ বাস ও একটি গাড়িতে আগুন, টহল জোরদার সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে : ডা:শফিকুর রহমান প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪ বৈরী আবহাওয়া • সেন্টমার্টিনে আটকা পড়ে বিপাকে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় ‘আকভান’: ৩ দিন বৃষ্টির আভাস অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির শফিকুর রহমান

সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে : ডা:শফিকুর রহমান

সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে শফিকুর রহমান এ মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

জামায়াত আমির বলেন, ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’

‘১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। তাই ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক,’ যোগ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করে চলেছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।’

শফিকুর রহমান আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী সর্বাবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।

তিনি আরও বলেন, ‘ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি পেশাদার, দক্ষ, শক্তিশালী ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনীই পারে জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সব প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং সশস্ত্র বাহিনীর সব সদস্যকে দেশ ও জনগণের সেবায় আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য দান করুন। আমিন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025