শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
রংপুরে তিন দিনে ৩ বাস ও একটি গাড়িতে আগুন, টহল জোরদার সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে : ডা:শফিকুর রহমান প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪ বৈরী আবহাওয়া • সেন্টমার্টিনে আটকা পড়ে বিপাকে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় ‘আকভান’: ৩ দিন বৃষ্টির আভাস অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির শফিকুর রহমান

বৈরী আবহাওয়া • সেন্টমার্টিনে আটকা পড়ে বিপাকে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী

বৈরী আবহাওয়ায় জহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক দিন ধরে আটকে থাকায় খাবারের অর্থও প্রায় শেষ। কবে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।

আটকে পড়াদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।

জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়েন তারা।

বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে হঠাৎ বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধের খবর জানানো হয়। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এতে তারা বিপাকে পড়েছেন।

শিক্ষার্থী আহমদ বলেন, তাদের এক সহপাঠী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই।

তিনি আরও বলেন, খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে এসেছে। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। এর আগে ফরম পূরণ করতে হবে। পাশাপাশি একাডেমিক ইন্টার্নশিপ চলমান থাকায় সেটিও ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে তারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। শিক্ষার্থীদের আর্থিক সংকটের বিষয়টিও জানা গেছে। তাদের দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।

কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, তাদের বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থীও সেন্টমার্টিনে আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025