বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ট্রাকচাপায় দলিল লেখকসহ নিহত ২

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ট্রাকচাপায় দলিল লেখকসহ দুই পথচারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ধোপাকান্দি গ্রামের রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে আব্দুল আলীম শেখ (৪১)। আব্দুল আলীম শেখ সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন , মঙ্গলবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত সিরাজগঞ্জ ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করে।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে ওই দুই পথচারী কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘন কুয়াশার মধ্যেও ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বিকেলে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025