সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
নিখোঁজের চারদিন পর ডোবায় মিললো যুবকের মরদেহ ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১৫০ বিজিবি, ১৩৫০ পুলিশ মোতায়েন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর-অগ্নিসংযোগ পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি সোনাসহ ৬ লাখ টাকা লুটের অভিযোগ নামাজ না পড়লে যে শাস্তি দেবেন আল্লাহ হামজা আবদুল্লাহ ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার দিনাজপুরে ৩১ লাখ টাকার কষ্টিপাথরের প্রত্নসম্পদ উদ্ধার নিজের বেতন মাদরাসায় দান করেন জামায়াত আমির: সেলিম উদ্দিন

ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে ককটেল ও পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলেও দাবি করেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। যদিও এদের মধ্যে দুইজন বাদে বাকিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) গ্রেফতারদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা। মামলায় এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। পরে রোববার সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মো. শাকিবুল হাসান (২২), তিনি ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার মো. সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান (২৩), তিনি ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

গ্রেফতার অন্যরা হলেন- ধামরাই বাথুলী এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন (২২), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা (২৮), তিনি ধামরাই মডেল টাউন এলাকার ছানোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা (২০), তিনি ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় ভাড়া থাকতেন। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। যদিও সবার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। তবে গ্রেফতারদের সঙ্গে ধামরাই পৌরসভার সাবেক কমিশনার আমিনুল ইসলাম গার্নেলের যোগাযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারদের সঙ্গে আওয়ামী লীগ নেতা গার্নেলের যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা ও অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025