সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর এবং তাতে আগুন ধরিয়ে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে রোববার (১৫ নভেম্বর) দলটির কয়েক শ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই ছিল দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল।
এদিকে গোপালগঞ্জে লাঠি হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাওয়ার কয়েকটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। তবে সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি ও বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন। এসময় তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
একপর্যায়ে তারা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামের একটি ব্যানার টাঙিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন। সেই সঙ্গে বিক্ষোভকারীরা শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন।
বিক্ষোভকারীরা পৌরসভা কার্যালয়ের সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সেগুলো সড়কে স্তূপ করেও আগুন ধরিয়ে দেন। সেই সঙ্গে তারা লঞ্চ টার্মিনাল, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠে আগুন দেন।
এদিকে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি হাতে এবং ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল বের করেন। তারা নীলফা বাজারে বিএনপি কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এসময় কার্যালয়ের আসবাব ও অন্যান্য মালামাল ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বর্ণী বাজারে যুবদলের একটি কার্যালয় ভাঙচুর করা হয়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
সূত্র: ইউএনবি