সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১৫০ জন বিজিবি সদস্য এবং এক হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সরকারি স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউজে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে প্রথমে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিবির যশোর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। পরে পুলিশের পক্ষ থেকে ব্রিফ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় বিক্ষোভকারীরা শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর এবং তাতে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে রোববার দলটির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই ছিল দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল।
অন্যদিকে গোপালগঞ্জে লাঠি হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাওয়ার কয়েকটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। তবে সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।