মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট। একজন মার্কিন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগে থেকেই অঞ্চলটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের বৃহৎ দুই রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংঠন এবং ইএসএস জর্জ এইচডব্লিউ বুশ।
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পরেই তৃতীয় রণতরী পৌঁছানোর তথ্য সামনে এলো। এর ফলে অঞ্চলটিতে আবারও যুদ্ধ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
তবে ওয়াশিংঠন এই দাবি অস্বীকার করেছে। মার্কিন বাহিনী আঞ্চলিক সামরিক অবস্থানে পরিবর্তনের দাবিগুলোকে নিছক ‘অনুমান’ বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে, ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান আর ‘যুক্তরাষ্ট্র আগে আক্রমণ চালানোর জন্য অপেক্ষা করবে না’। তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন হয়তো কূটনীতির আড়ালে সময়ক্ষেপণ করছে, যাতে তারা নতুন কোনো আক্রমণের প্রস্তুতি নিতে পারে।
এর আগে, বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে ইরান ও হুথিদের পক্ষ থেকে হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। মানামা জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি হামলা প্রতিহত করেছে। বাহরাইন এই ঘটনাগুলোকে তেহরানের ‘পরিকল্পিত আগ্রাসনের’ অংশ বলে অভিহিত করেছে।
অন্যদিকে, ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কার সমুদ্রতলে পেতে রাখা মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে। সাম্প্রতিক দিনগুলোতে এটি এ ধরনের সপ্তম ঘটনা।
সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি