মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তবে তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় রোববার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় তার স্ত্রী নাসিমা বেগম বিষয়টি টের পান। এরপরই ওই নারী চোর চোর বলে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটকে করে গণপিটুনি দেয়। একপর্যায়ে গণপিটুনি খেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দ্বিতীয় দফায় পার্শ্ববর্তী ভারগাঁও কবরস্থান এলাকায় তাকে মারধর করা হয়। পরবর্তীতে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সোহেলের ছেলে শাওন মিয়া ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে মারধর না করার অনুরোধ করলেও জনতা তাকে মারধর অব্যাহত রাখে। এরপর রাত সাড়ে ১১টার দিকে সোহেল গণধোলাইয়ে নিস্তেজ হয়ে পড়লে তাকে ছেলের জিম্মায় রেখে চলে যাওয়া হয়।

সূত্র আরও জানায়, এরপর ছেলে শাওন স্থানীয়দের সহায়তায় তার বাবাকে চিকিৎসার জন্য কাঁচপুর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

নিহতের ছেলে শাওন মিয়া বলেন ,আমার বাবাকে চুরির অভিযোগ তুলে গণধোলাই দিয়ে হত্যা করা হয়েছে। কয়েকবার বাবার পক্ষ থেকে পায়ে ধরেও রক্ষা করতে পারিনি। চুরি করে থাকলে পুলিশে দিতে পারতো। আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর করা হয়েছে। এটি হত্যাকাণ্ড। পিতার হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। চুরির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় সম্পৃক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025