শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় ইরান: আরাঘচি

ইরান সাময়িক যুদ্ধবিরতি নয়, চলমান যুদ্ধের স্থায়ী অবসান চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যুদ্ধবিরতি দিয়ে সংঘাত থামিয়ে পরে আবার তা শুরু হওয়ার ঘটনা ইরান আর কোনোভাবেই পুনরাবৃত্তি হতে দিতে চায় না। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই এ নীতির অন্যতম লক্ষ্য।

আরাঘচি আরও বলেন, পেজেশকিয়ানের প্রশাসনের অধীনে প্রতিবেশী দেশগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ নীতির অংশ হিসেবে প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান উত্তেজনা দূর করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্রতিবেশী অঞ্চলকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হচ্ছে।

সম্প্রতি ইরানের বিভিন্ন সংকটের সময়ে প্রতিবেশী দেশগুলোর সহায়তারও প্রশংসা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিছু প্রতিবেশী দেশ ইরানকে খাদ্য ও ওষুধ সরবরাহ করেছে। পাশাপাশি বিভিন্ন দেশে আটকে পড়া ইরানিদের নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে এবং ইরানি বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে।

চলমান যুদ্ধ প্রসঙ্গে আরাঘচি বলেন, যুদ্ধের শুরুর দিকে ইরানকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছিল। তার ভাষায়, ‘আমরা যুদ্ধবিরতি চাই না; আমরা যুদ্ধের অবসান চাই।’

তিনি বলেন, এমন একটি সংঘাতকে ইরান কোনোভাবেই একটি নিয়মিত ঘটনায় পরিণত হতে দিতে চায় না, যেখানে যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে লড়াই বন্ধ হওয়ার পর কয়েক মাসের ব্যবধানে আবারও তা শুরু হয়ে যায়।

আরাঘচির বক্তব্যে ইঙ্গিত মিলছে, তেহরান কেবল সাময়িকভাবে সংঘাত বন্ধ করার পরিবর্তে এমন একটি সমাধান চায়, যা দীর্ঘমেয়াদে যুদ্ধের অবসান নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025