শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
কর্মীদের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য জ্ঞান, আমল, চরিত্র ও ত্যাগের সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, একজন কর্মীকে ব্যক্তিগত, নৈতিক, সাংগঠনিক ও আদর্শিক জীবনে পরিপূর্ণতা অর্জনের চেষ্টা করতে হবে। ইসলামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়নের পাশাপাশি পরিবার ও সমাজেও এর প্রতিফলন ঘটাতে হবে। নিয়মিত কোরআন-হাদিস অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার, আমলের বিশুদ্ধতা ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি যত্নবান হতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জামায়াতে ইসলামীর বায়েজিদ থানা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মুহাম্মদ শাহজাহান বলেন, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। একজন আদর্শ কর্মীর কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে এবং তাঁর আচার-আচরণে ইসলামের সৌন্দর্য প্রকাশ পেতে হবে।
তিনি বলেন, কাঙ্ক্ষিত মানের কর্মী হিসেবে গড়ে উঠতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিকতা, ধৈর্য, নিষ্ঠা ও ত্যাগের মানসিকতা অপরিহার্য। প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শ ও নৈতিক অবস্থানে অবিচল থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নিজেদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির সঙ্গে নতুন কর্মী গড়ে তোলার প্রতিও মনোযোগী হতে হবে।
থানা আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় শিক্ষা শিবিরে প্রধান আলোচক ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব বলেন, রুকন বা সদস্যপদের শপথ একজন কর্মীর আদর্শিক অঙ্গীকার, নৈতিক দায়িত্ববোধ ও সাংগঠনিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ প্রকাশ। এই অঙ্গীকার শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত জীবন, চরিত্র, আমল ও দায়িত্ব পালনে এর প্রতিফলন ঘটাতে হয়। প্রত্যেক সদস্যকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে আদর্শিক দৃঢ়তা ও জবাবদিহির মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাহাবায়ে কেরামের জীবন ছিল ঈমান, আনুগত্য, ধৈর্য, ত্যাগ ও কুরবানির অনন্য দৃষ্টান্ত। তাঁদের জীবন থেকে নিষ্ঠা, দায়িত্ববোধ, ভ্রাতৃত্ব ও প্রতিকূলতার মধ্যেও আদর্শের ওপর অবিচল থাকার শিক্ষা পাওয়া যায়। সাহাবায়ে কেরামের জীবনাদর্শ অনুসরণ করে বর্তমান সময়ের কর্মীদেরও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে নৈতিকতা, সততা ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
এ সময় বায়েজিদ থানা নায়েবে আমির মাওলানা ফজলুল কাদের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজিদ থানার সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, থানা সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মানসুর, অফিস সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাহবুবুর রহমান, থানা বায়তুলমাল সেক্রেটারি আবুল হাসেমসহ থানা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের সভাপতিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষাশিবিরে বিপুলসংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।