সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার জনগণের সরকার হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে তুরাগ উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, ‘সরকারের ভেতরেই একটি ছায়া সরকার কাজ করছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, তা জনগণের কাছে প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, আমাদের আরও সজাগ হতে হবে। প্রিয় জন্মভূমির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে, ইনশা আল্লাহ। আমরা একটি মানবিক ঢাকা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
জামায়াতের এই নেতা বলেন, ‘সরকারের প্রথম ব্যর্থতা হলো জনগণের ৭০ শতাংশ ভোটের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। সরকার আজ জাতির সঙ্গে গাদ্দারি করেছে, যার মাশুল তাদের দিতে হচ্ছে।’
তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কারের যে শপথ গ্রহণ করা হয়নি সেই ভুলের মাশুল দিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন। সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তরের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা চিরতরে নির্মূলের ব্যবস্থা নিন।
সমাবেশে সভাপতিত্ব করেন তুরাগ উত্তর থানা জামায়াতের আমির মো. মতিউর রহমান।
এসময় সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তারা যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকির ওপর গুরুত্বারোপ করেন সেলিম উদ্দিন। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।