শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
রাজধানীর ভাটারা থানার সাঈদনগরে এক বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মো. নাঈম (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমের সহপাঠী মাজহারুল বলেন, সকালে সাঈদনগর বড় মসজিদের পাশের এক ভবনের দ্বিতীয় তলার বেলকনি থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতাল ও পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মো. মুস্তাফিজুর রহমানের ছেলে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।