মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা, গ্যাস-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) নগরের দেওয়ানবাজার এলাকায় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে বিশেষ কর্মপরিষদ বৈঠকে এসব দাবি জানানো হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে নগর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা, তীব্র গ্যাসসংকট, বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নগরবাসীর দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নগরের খাল-নালা দখল ও ভরাটমুক্ত করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে।
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে নগর জামায়াতের আমির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে জনগণের সমস্যা চিহ্নিত ও তা সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমানসহ নগর কর্মপরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, চলমান কর্মসূচি বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।