সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
যারা জনগণের আমানত রক্ষা করবে এমন নেতৃত্ব বাছাই করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর শ্যামলী-আদাবর এলাকার একটি রেস্তোরাঁয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন ।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জনগণের আমানত রক্ষা করবে, এমন একজন নেতাকে বাছাই করতে হবে। সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে।
তিনি বলেন, মোহাম্মদপুরে উল্লেখযোগ্য হারে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কিশোর গ্যাংয়ের বিস্তারের অন্যতম কারণ মাদকাসক্তি। তাই মাদক নির্মূলে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
নগরীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজট নিরসনে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এর জন্য পর্যাপ্ত ও সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন ও যথাযথ বাস্তবায়ন জরুরি।
সেলিম উদ্দিন বলেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌপথকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এতে সড়কপথে পণ্যবাহী যানবাহনের চাপ কমবে এবং নগরীর যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিক সেবার মানও উন্নত হবে।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর উত্তর থানার নায়েবে আমির এ এম আবুল বাসার ও সেক্রেটারি মো. নজরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ও সাবেক সচিব আবদুল মোতালেব সরকার, সাবেক সচিব সারোয়ার মাহমুদ, আব্দুল আওয়াল আজম, এনএইচএ গার্ডেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম সিদ্দিকী, খন্দকার ফরিদুল আলম, এম এ সবুর, মোস্তাক আহমেদ মাহবুবসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন ও নেতারা।