শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নিম্নমানের কর্মপরিবেশের কারণে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে কয়লাখনিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সোরাঞ্জ এলাকায় অবস্থিত খনিটিতে মিথেন গ্যাসের বিস্ফোরণের পর এই দুর্ঘটনা ঘটে। খনির মালিক কুরবান জোগেজাই স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।
এদিকে, বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে ইচ্ছাকৃতভাবে একটি ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে বেলুচিস্তানের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ISPR) মহাপরিচালক জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে আইএসপিআরের মহাপরিচালক জানান, চলতি বছর এখন পর্যন্ত দেশজুড়ে মোট ৪০ হাজার ৩৪৮টি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান (Intelligence-Based Operations-IBO) পরিচালিত হয়েছে। এসব অভিযানে পুলিশ, সিভিল আর্মড ফোর্স, গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনী অংশ নিয়েছে।
খনিতে বিস্ফোরণ নিয়ে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (PDMA) জানিয়েছে, খনির নিচে আটকে পড়াদের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, দুর্ঘটনার পেছনে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ডন/জিও নিউজ/আনাদোলু এজেন্সি