শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাশ। একই সঙ্গে আন্দোলনকারীদের অবিলম্বে আন্দোলনস্থল খালি করার আহ্বান জানান তিনি। সরকারের পক্ষ থেকে আন্দোলনের সব দাবি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সিজেপি মুখপাত্র।

সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করে নেবে সরকার। নিট প্রশ্ন ফাঁসকাণ্ডের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি।

সিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে, মৃত শিক্ষার্থীদের পরিবারগুলোর জন্য সম্মানজনক ক্ষতিপূরণের পরিমাণ খুব দ্রুত নির্ধারণ করা হবে।

সিজেপির ৫ দফা সংস্কার প্রস্তাব

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানিয়েছে, তাদের পাঁচ দফা পরীক্ষা সংস্কারের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কেন্দ্র। এই সংস্কারগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসবে সিজেপি।

সরকারের পক্ষ থেকে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানায় দলটি। ৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা।

এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিল, তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এসব দাবির মধ্যে ছিল মৃতদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, আন্দোলনকারীদের ওপর নির্যাতনের জন্য দিল্লি পুলিশের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা এবং পাঁচ দফা সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন।

জানা গেছে, নিহতদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ এবং পুলিশের ক্ষমা চাওয়ার মতো বিষয়গুলো নিয়ে পরবর্তী আলোচনার জন্য চার সপ্তাহ পর সরকারের সঙ্গে ফের বৈঠকে বসবে সিজেপির প্রতিনিধিদল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025