শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

নতুন সামরিক কৌশলে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান: আকরামিনিয়া

যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় হামলা অব্যাহত রাখলে সংঘাত ‘যুদ্ধের নতুন অধ্যায়ে’ প্রবেশ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

একইসঙ্গে নতুন সামরিক কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতির কথাও জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক লঙ্ঘন করায় বর্তমান সংঘাত নতুন পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন, ইরানের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় মার্কিন হামলা চলতে থাকলে দেশটির সশস্ত্র বাহিনীও পাল্টা অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যাবে।

আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি দক্ষিণাঞ্চলে আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে ইরান নতুন সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। শত্রুকে যুদ্ধ চালিয়ে যেতে নিরুৎসাহিত করতে ভিন্নধর্মী কৌশল গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজন হলে যুদ্ধের নতুন ক্ষেত্রও উন্মুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও দাবি করেন, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বিমানবাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিট, নিজেদের সক্ষমতা ও প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সম্ভাব্য স্থল অভিযানের প্রসঙ্গে ইরানি সেনা মুখপাত্র বলেন, যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় দেশটি প্রস্তুত। তার মতে, স্থলযুদ্ধে প্রতিপক্ষের দুর্বলতা বেশি থাকবে এবং সে ক্ষেত্রে ইরানি বাহিনী আরও কার্যকরভাবে জবাব দিতে সক্ষম হবে।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, নিহত সেনা সদস্য এবং দেশের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া এখন জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে এবং সেই লক্ষ্য সামনে রেখেই সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। তেহরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করায় ইরানও ওই সমঝোতার আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025