বুধবার, ২২ Jul ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের মধ্যে দুজন জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যতবারই ইরান আমেরিকান সেনাকে হত্যা করবে, ততবারই তাদের সেই হত্যার জন্য বহুগুণ মূল্য দিতে হবে। এ বিষয়ে তার নির্দেশনা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে মার্চ মাসে কুয়েতের পোর্ট শুয়াইবাতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪৩০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছে ওয়াশিংটন।

হোয়াইট হাউস জানিয়েছে, নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স বেসে আয়োজিত মর্যাদাপূর্ণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে ট্রাম্প পেন্টাগনকে কী ধরনের নির্দেশনা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জর্ডানে প্রাণঘাতী হামলার আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার মোতায়েন শুরু করেছিল।

এদিকে মার্চ পর্যন্ত ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জো কেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ব্যাপক হতাহতের শিকার হওয়ার আগেই আমাদের সৈন্যদের সরিয়ে নিতে হবে। উত্তেজনা বৃদ্ধির এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে।

গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি খার্গ দ্বীপের তেল স্থাপনা এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও হামলার নির্দেশ দেন।

রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালী সচল রাখার কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক মার্কিন হামলাগুলো ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্রের ধারণা, ভবিষ্যতে আরও বড় সামরিক অভিযান চালানোর আগে এসব সক্ষমতা দুর্বল করা প্রয়োজন।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025