মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
দিল্লির যন্তর মন্তর এখন জনসমুদ্র। রূপ নিয়েছে ক্ষোভের আগ্নেয়গিরিতে। অধিকারকর্মী সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত ‘সংসদ চলো’ আন্দোলন ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে দিল্লি পুলিশ। এরই মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তবে তার আগেই সহযোদ্ধা আন্দোলনকারীদের ভারতের ইতিহাসের সবচেয়ে বড় পদযাত্রার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে অভিজিৎ দীপকে বলেন, গত ১০-১২ বছর ধরে দেশে গণতন্ত্র ধ্বংসের নানামুখী চেষ্টা চলছে। টানা এক মাস যন্তর মন্তরে বসে আন্দোলনকারীরা সেই হারানো গণতন্ত্রকে ফের জাগিয়ে তুলেছেন।
তিনি আরও বলেন, আজ দেশের চারপাশ থেকে মানুষ ছুটে আসছেন। যন্তর মন্তরের সংযোগকারী চারটি পথই এখন কানায় কানায় পূর্ণ। এই জনস্রোতকে থামিয়ে পার্লামেন্টে যাওয়া আটকে রাখার ক্ষমতা কারও নেই।
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২১ দিন অনশনে ছিলেন সোনম ওয়াংচুক। গত ১৮ জুলাই তাকে আন্দোলনস্থল থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।
এরপর থেকেই যন্তর মন্তরে সমর্থকদের উপস্থিতির পারদ চড়তে থাকে। ওয়াংচুক তার স্ত্রীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা পাঠান। সেখানে তিনি বিপুল সংখ্যায় সমর্থকদের শান্তিপূর্ণ এই পদযাত্রায় যোগ দেওয়ার আকুল আবেদন জানান।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে একটি ভিডিও বার্তা দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। সেখানে তিনি সমর্থকদের সম্পূর্ণ অহিংস থাকার নির্দেশ দেন।
দীপকে সাফ জানান, তাদের এই অবস্থান এবং পদযাত্রা একেবারেই শান্তিপূর্ণ হবে। আন্দোলনস্থলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। উসকানিমূলক বা নেতিবাচক স্লোগান যিনি দেবেন, তিনি সোনম স্যার কিংবা সিজেপির কোনো সমর্থক হতে পারেন না।
সূত্র: দ্য প্রিন্ট