মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ইরানে রাতভর ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার জেরে ইরানে রাতভর একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে।

মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আঘাত হানা লক্ষ্যবস্তুর মতোই এবারও হামলা চালানো হয়েছে। এতে উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টির সঙ্গে জড়িত ইরানি সামরিক বাহিনীর অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু তথা একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025