বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং জানমাল রক্ষায় ওই অঞ্চলের প্রায় ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসি লিখেছে, বিশেষ করে স্পেন সীমান্তের কাছে ফরাসি পাইরেনিসের পাদদেশে অবস্থিত এক ডজনেরও বেশি ছোট শহর ও গ্রামের বাসিন্দারা এই নির্দেশের আওতায় পড়েছেন।

ইতোমধ্যেই পেরপিনিয়ানের কাছে ত্রেভিলাক এলাকায় শুরু হওয়া এই দাবানলে ৪ হাজার ৬০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং আগুন নেভানোর লড়াই নতুন করে শুরু হয়েছে।

এই বিধ্বংসী আগুনের প্রভাব পড়েছে বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’-এর ওপরও।

জরুরি উদ্ধারকারী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে সোমবারের খেলার শেষ ৪০ কিলোমিটার এলাকা থেকে দর্শকদের দূরে থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

অন্যদিকে, এই সংকটে ফ্রান্সের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সাইপ্রাস ও সুইডেন থেকে চারটি বিশেষ অগ্নিনির্বাপক বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন।

ফ্রান্সের পাশাপাশি এই দাবানলের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ স্পেনেও। সেখানে কাতালোনিয়ার একটি প্রাকৃতিক উদ্যানের ২ হাজার ২০০ হেক্টরের বেশি বনভূমি ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানিয়েছে, কাতালোন কর্তৃপক্ষের মতে শনিবার রাত থেকেই সেখানকার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা সম্পূর্ণ নেভানো সম্ভব হবে।

অন্যদিকে, কাতালোনিয়ার দক্ষিণে কাস্তেলন প্রদেশের একটি জাতীয় উদ্যানে নতুন করে আগুন ঢুকে পড়ায় আরও ৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025