শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাদ্য বিতরণ কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর বিষয়টি কঠোরভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মে) একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, বিদ্যালয়ের শিশুদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ১১টি উপজেলায় অনুসন্ধানে সপ্তাহে ডিম, কলা ও বানরুটির নামে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। নিম্নমানের খাবার খেয়ে শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদন প্রচারের পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারদের তলব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জরুরি বৈঠকও ডাকা হয়। অনিয়মে জড়িতদের কার্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিষয়টি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হকের নজরে আনা হলে পরদিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাবার গ্রহণের আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তা ভালোভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে দেশের প্রায় ১৫০ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই খাদ্য বিতরণ কর্মসূচি চালু রয়েছে। প্রায় ৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় শিশুদের ডিম, বানরুটি, দুধ, কলা ও বিস্কুট দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025