শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ভোলার বোরহানউদ্দিনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো তানহা আক্তার (৭) ও মাহি (৮)। তানহা একই এলাকার আব্দুল গনির মেয়ে এবং মাহি শাহিনের মেয়ে। তারা স্থানীয় মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তানহা ও মাহি গোসল করতে বাড়ির পুকুরের ঘাটে যায়। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বাড়ির পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে প্রথমে তানহা ও এরপর মাহিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।