বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে গিয়ে এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ বলেন, ‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে গতকাল (বুধবার) উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজ তার অবস্থা স্থিতিশীল।’
তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে মঈন খানের চিকিৎসা চলছে।
পরে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও মঈন খানকে দেখতে হাসপাতালে যান। এ সময় চিকিৎসকরা তাকে মঈন খানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান।
এর আগে বুধবার রাতে বুকে ব্যথা ও কাশি নিয়ে মঈন খান এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।