বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বাসাইল স মিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা।
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে দুর্বৃত্তরা শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
এ সময় ব্যাংকের নৈশপ্রহরী দোতলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দেন। পরে তিনি ও অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আগুনে অফিসের কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের শাখা অফিসের বারান্দায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তারা দেখতে পেয়েছেন। এতে অফিসের বারান্দার কিছুটা ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।