বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
জনগণের ঐক্যই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ে আয়োজিত মিরপুর পশ্চিম থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর পশ্চিম থানা জামায়াতের আমির আবদুল্লাহ মুয়াজ।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে আবারও সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা করছে। ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তন নস্যাৎ করার কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি আবার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সব দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে পতিত স্বৈরাচারের অপতৎপরতা মোকাবিলা করতে হবে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী যেন দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
জামায়াতের এ নেতা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ নির্ভয়ে মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক সহিংসতার কোনো স্থান এ দেশে থাকতে পারে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
দেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া এবং থানায় হামলার মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। বিশেষ করে গোপালগঞ্জে পতিত স্বৈরাচারের দোসরদের তাণ্ডব ও সহিংসতা দেশের আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
এসব ঘটনা মোকাবিলায় সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান হচ্ছে না অভিযোগ করে সেলিম উদ্দিন বলেন, এত সহিংস ঘটনার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ ও দৃশ্যমান তৎপরতা কোথায়, জনগণ সেই প্রশ্নের উত্তর জানতে চায়।
সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় এনে দেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।