মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুর থাবায় ঝরল ৮ প্রাণ সিরাজগঞ্জে যমুনা নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে

যার যার অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, সরকার কী করতে পারছে, বা কী করতে পারবে, সেটা এই দুইদিনে ভালো করেই বোঝা যাওয়ার কথা। সরকারের আশায় থেকে লাভও নাই।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে হাসনাত বলেন, বলেছেন, এই মাটিকে এক মুহূর্তের জন্যও আমরা কোনো গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেবো না।

তিনি বলেন, কাল সারারাত ককটেল সন্ত্রাসের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ ফ্যাসিস্টরা। আর দিনের আলোতে ককটেল হামলা করে রক্তাক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। জুলাইয়ের সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা করে, সেই হামলার ভিডিও পর্যন্ত প্রকাশ করেছে দম্ভ ভরে।

‘এরপরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার চান, পুনর্বাসন চান, তারা কী বলবেন? আর কত রক্ত, আর কত আগুন, আর কত সন্ত্রাস আপনাদের লাগবে আওয়ামী লীগের আসল রূপ জানতে?’

তিনি বলেন, একটা দল একটা গণহত্যা করে, মাত্র ২০ দিনে ২০০০ মানুষ খুন করে দেশ ছেড়ে পালিয়েছে। রক্তের দাগ শুকায় নাই। এই গণহত্যার ভিডিও আছে, ছবি আছে, সবই আছে। এতকিছুর পরেও, এই দলটার রক্তের তৃষ্ণা মিটেনি। এরা আবারও রক্ত নেওয়ার জন্য উন্মাদ হয়ে লগি বৈঠা, দা, কুড়াল হাতে রাস্তায় নেমে গেছে।

‘আওয়ামী লীগ ঠিক কী, আওয়ামী লীগ আসলে কারা, এই একটা উদাহরণ থেকেই বুঝতে পারবেন। এদের মধ্যে কোনো অনুতাপ নাই, ভালো খারাপের বোধ নাই। এরা শুধু একটা জিনিসই চেনে, রক্ত।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অথচ এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আবারও রাস্তায় নামতে হচ্ছে। যেখানে প্রয়োজন ছিল বিচারের, যেখানে প্রয়োজন ছিল প্রশাসনিক উদ্যোগের, যেখানে রাষ্ট্রের পুলিশ, বিজিবি, এসআরবির দায়িত্ব ছিল এই সন্ত্রাসীদের হাত থেকে মানুষের জানমালের হেফাজত করার, সেখানে আবারও ছাত্র সংগঠনগুলোকেই মাঠে নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, সন্ত্রাসী আটক করতে হচ্ছে, রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে। কেন?

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের ভাগ্য কতটা খারাপ, চিন্তা করে দেখেছেন? সেই ৫২ থেকে শুরু, ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর রক্তাক্ত গণঅভ্যুত্থান, এদেশের তরুণদের আর কত রক্ত দিতে হবে? আর কতবার তাদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে রাজপথে নেমে?

‘মজার ব্যাপার হলো, বড় বড় পদ বাগিয়ে নেওয়া নেপোকিডদের কখনোই আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলে দেখবেন না। যেই সাধারণ ছেলেটা আগের ১৭ বছর নির্যাতিত হয়েছে, জুলাই-আগস্টে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সেই সাধারণ ছেলেমেয়েগুলোই আবারও রাস্তায় নেমেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে।’

‘লড়াইয়ের সময় এই ছেলেমেয়েগুলোকেই লাগে, অথচ ক্ষমতা, পদ আর পদবির বেলায় বিভিন্ন দেশ থেকে উড়ে আসা নেপোকিডদের ভিড়ে এই ছেলেমেয়েগুলোর কোনো জায়গা থাকে না।’

হাসনাত বলেন, বাংলাদেশের এই দুই রকম বাস্তবতাই সমানভাবে এক্সিস্ট করে। জুলাইয়ের এই দুই বাস্তবতাই আমাদের মাথায় রাখতে হবে, যার একপাশে নেপোকিডদের ক্ষমতা, আরেকপাশে জনতা।

‘সরকার কী করতে পারছে, বা কী করতে পারবে, সেটা এই দুইদিনে ভালো করেই বোঝা যাওয়ার কথা। সরকারের আশায় থেকে লাভও নাই। বরং যে যার অবস্থানে থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে। দুই হাজারেরও বেশি শহীদ তাদের রক্ত দিয়ে এই স্বাধীনতা আমাদের কাছে আমানত রেখে গেছেন, এক পাল চোর, লুটেরা এবং সন্ত্রাসীর কাছে এই স্বাধীনতাকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। শহীদ ওসমান বিন হাদী বলেছিলেন, জান দেব, কিন্তু জুলাই দেব না।

তিনি আরও বলেন, এই দেশের মাটি হাজারও শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। এই মাটিকে এক মুহূর্তের জন্যও আমরা কোনো গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেবো না। ইনকিলাব জিন্দাবাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025