শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ঐতিহাসিক টেস্ট জয়ের সাংবাদিকদের সংবর্ধনা দিল BMFA

অস্ট্রেলিয়া থেকে সংবাদদাতাঃ 

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে স্মরণীয় করে রাখতে এবং সেই ম্যাচসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভার করতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া (BMFA)।
ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় এই অর্জনের সাক্ষী ছিলেন বাংলাদেশ থেকে আসা একদল সাংবাদিক।
তাদের পেশাগত অবদানকে স্বীকৃতি জানাতে BMFA আয়োজন করে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বাংলাদেশি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ক্রিকেটার, সংগঠক ও ক্রিকেটপ্রেমীদেরও সম্মাননা দেওয়া হয়।
গালিব ইবনে রিয়াজ এর মনোমুগ্ধকর উপস্থাপনায় হুমায়ন কবির রোজ এর সভাপতিত্বে অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করে সায়ান জামান। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি
অনুষ্ঠানে প্রথম আলোর ফটোগ্রাফার শামসুল হক টিংকুকে সাংবাদিকতায় দীর্ঘদিনের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে লাইফটাইম সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য মার্ক ক্রোয়ের এমপির পক্ষ থেকে তাঁর হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে অবদানের জন্য ক্রিকেটার আরিফুল হাসান সবুজ এবং তরুণ সংগঠক আতিকুর রহমান সজীবকেও সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পরিচিত ও নিবেদিতপ্রাণ সমর্থক শোয়েব আলীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা, মাঠ ও গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন এবং ক্রিকেটের প্রতি নিবেদনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পেলেন ১৪ সাংবাদিক
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভার করতে অস্ট্রেলিয়ায় আসা মোট ১৪ জন সাংবাদিককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেয় BMFA। সিরিজের ব্যস্ততা ও অন্যান্য পেশাগত কারণে সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও উপস্থিত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন—প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, দৈনিক সমকালের সেকান্দর আলী, সময় টিভির তারেক হাসান শিমুল, ৭১ টিভির নাহিয়ান বিন জসিম, ক্রিকেট৯৭-এর শিহাব আহসান খান, যমুনা টেলিভিশনের মারুফ আল হাসান, Cricket Frenzy-এর তাসফিক পুলক, কালবেলার ওমর ফারুক, চ্যানেল ওয়ানের পার্থ বনিক, স্টার নিউজের মাহবুব রিমন, মাছরাঙা টেলিভিশনের অনিক জাবের, BD Crictime-এর মারুস প্রত্যয় এবং Daily Cricket-এর মেজবাহ মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন লর্ড মেয়র মার্টিন জাইতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী উপল আমিন, ক্যান্টারবুরি ও ব্যাংকস্টাউনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের সভাপতি আবদুল মতিন, মোহাম্মদ রহমতুল্লাহ ও রাশেদ শ্রাবণ Property One-এর প্রিন্সিপাল মোহাম্মদ আলী সিকদার।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার নতুন কমিটির কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু ।
সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভি ও এখন টেলিভিশনের সাবেক স্পোর্টস ইনচার্জ হুমায়ুন কবির রোজ।
সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি গালিব ইবনে রিয়াজ, সাংগঠনিক সম্পাদক নুসরাত ইম্পা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমেনা সরকার বিউটি, কোষাধ্যক্ষ হিমু আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ টুটুল দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মানিক, মোহাম্মদ জাহাঙ্গীর, ইদ্রিস আলী, কে. জি. আকাশ ও মাসুম বিল্লাহ।
কমিটির নেতৃবৃন্দ জানান, অস্ট্রেলিয়ায় কর্মরত ও বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করবে BMFA।
আসছে ‘AusBD TV’
বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে ‘AusBD TV’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির রোজ।
তিনি  জানান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সংবাদ, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, কমিউনিটি কার্যক্রম, খেলাধুলা, ক্রিকেট এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সাফল্যকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও পেশাদার অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে AusBD TV গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
হুমায়ুন কবির রোজ বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিজস্ব সংবাদ ও নিজস্ব কণ্ঠ তুলে ধরার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই ভবিষ্যতে AusBD TV-কে একটি পূর্ণাঙ্গ অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
তিনি  আরও বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সংবাদ, সংস্কৃতি, ক্রীড়া ও কমিউনিটি পর্যায়ে যোগাযোগ আরও শক্তিশালী করতে ডিজিটাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের সংবাদ ও সংস্কৃতির যোগসূত্র তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সাংবাদিকতা ও ক্রিকেটকে একই প্ল্যাটফর্মে আনার উদ্যোগ
BMFA-এর এই আয়োজনকে শুধুমাত্র একটি সংবর্ধনা অনুষ্ঠান হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। ঐতিহাসিক টেস্ট জয়কে কেন্দ্র করে সাংবাদিক, ক্রিকেটার, সংগঠক ও ক্রিকেটপ্রেমীদের একত্রিত করার মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশি গণমাধ্যম ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর উদ্যোগ হিসেবেও দেখছেন তারা।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডারউইনের সেই ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে জয় পায়। যদিও পরে ম্যাকেতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ইনিংস ও ৫১ রানে জয় পেয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করে, ডারউইনের ঐতিহাসিক জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা একটি অধ্যায় হয়ে রয়েছে।
সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা সাংবাদিকদের সম্মান জানানোর মধ্য দিয়ে BMFA অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের কার্যক্রম আরও দৃশ্যমান করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, কমিউনিটির সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক জোরদার এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে গণমাধ্যমভিত্তিক যোগাযোগ বৃদ্ধিতে BMFA ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025