বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে অটোরিকশার চেম্বারে ৪৮০ বোতল ফেনসিডিল, যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি অটোরিকশার বিভিন্ন চেম্বারে বিশেষ কায়দায় রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ঝানজাইল নাইট চেকপোস্টের ডিউটি শেষে থানায় ফেরার পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ। পুলিশের গাড়ি থামানো মাত্র ওই ব্যক্তি অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে এসআই (নি.) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে অটোরিকশাটি তল্লাশি করে বিভিন্ন চেম্বারে বিশেষ কায়দায় রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। পরে ফেনসিডিল ও আটক যুবককে অটোরিকশাসহ দুর্গাপুর থানায় নেওয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025