বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সাতক্ষীরার তালায় দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি!

সাতক্ষীরার তালা উপজেলায় এক রাতেই দুটি পৃথক বাড়িতে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার রাতে তালা সদর ইউনিয়নের ভায়ড়া ও খানপুর গ্রামে একই রাতে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আবজাল জোয়াদ্দারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে না পেরে পরে দরজা খুলে জিনিসপত্র এলোমেলো দেখতে পান এবং চুরির বিষয়টি বুঝতে পারেন।

অপরদিকে, খানপুর গ্রামের জাবাক্সে সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ইলিয়াস সরদার জানান, চোরেরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে চুরি করেছে বলে তাদের ধারণা।

তবে চুরির ঘটনায় পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। সুস্থ হওয়ার পর ঘরে থাকা মালামাল যাচাই করে চুরি যাওয়া সম্পদের সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025