রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম :

জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি দেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারেনি। জনবিচ্ছিন্ন এ দলটির কোনো জবাবদিহিতাও নেই। জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য বর্তমান সরকার দায়ী।

তিনি দাবি করেন, দেশের ইতিহাসে এই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে।

রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে তারা নানান প্রতিশ্রুতি দিলেও জুলাই সনদে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করেনি। ফলে রাজনৈতিক বিভাজন আরও বেড়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু সমতলের নয়, পাহাড়েরও আন্দোলন। এ আন্দোলনে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি সবাই অংশ নিয়েছিল।

পাহাড়ি অঞ্চলের বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ গণতন্ত্র ও জুলাই সনদের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে পাহাড়ের মানুষ কীভাবে উপকৃত হবে, সে বিষয়ে জনগণকে সচেতন করা দলের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাবে। অতীতে জবাবদিহিতার অভাবে একটি সরকার জনগণের সমর্থন হারিয়েছিল।

বর্তমান সরকারের মধ্যেও জবাবদিহিতার ঘাটতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে এ মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের কোনো প্রকৃত প্রতিনিধি নেই, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি জানান, এনসিপি পাহাড় থেকে সমতল সব জায়গায় ছাত্র, যুব, নারী ও শ্রমশক্তিকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায়ই দল গুরুত্বসহকারে অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025